লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবিতে ভাইদের বিরুদ্ধে মোসা. সেলিনা খানমের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা: সেলিনা খানম।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজায় ৬৯ নম্বর দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮.৬৮ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট রয়েছে। আমার চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে উল্লিখিত জমি লিয়াকত হোসেন লিপুসহ ৩ জনের কাছে বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করা হয়েছে। এরপর আমার দুই ভাই জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির গ্রহীতাদের জমির দখলস্বত্ব বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমার ভাই জাহিদুর রহমান খান জমির গ্রহীতাদের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’
তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, 'আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গ্রহীতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একটি অভিযোগ দায়ের করেছেন। এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমির গ্রহীতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা, ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেনসহ প্রমুখ।