মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীরাম (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে মহেশপুর শহরের গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীরাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন রামসহ বেশ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালে আকস্মিক শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অসাবধানতাবশত ওই দোকানের গায়ে হাত দেন রাম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।