মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরের বিভিন্ন খালি জায়গায় ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে ‘পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।
আয়োজক নার্গিস সুলতানা দীপা বলেন, বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু গাছ রোপণ নয়, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অন্যান্য শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।