ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "স্থান চাইছে, প্রাণ চাই" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি.এম) হাই স্কুলে 'এক শিশু, এক বৃক্ষ' বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুরাদুন্নবী মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তহিদুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান খান রনি।
কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে 'এক শিশু, এক বৃক্ষ' কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।