যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিধবা দোকানির টাকা নিয়ে উধাও ইবির সেই বৈষম্যবিরোধী নেতা

ইবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:৩৩ পিএম
বিধবা দোকানির টাকা নিয়ে উধাও ইবির সেই বৈষম্যবিরোধী নেতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হল এলাকায় এক বিধবা নারীকে চায়ের দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করিয়ে বিনিময়ে ধার নেওয়ার নাম করে দোকানির টাকা নিয়ে উধাও হয়েছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত নেতা বাঁধন বিশ্বাস স্পর্শ।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী চায়ের দোকানির কান্নাজড়িত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ভুক্তভোগী দোকানি শহীদ আনাস হলের সামনের লিচুবাগানে চায়ের দোকান চালান। অভিযুক্ত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে অভিযুক্ত।

ভিডিও সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের সময় এক দিনের কথা বলে ওই দোকানির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন বাঁধন বিশ্বাস স্পর্শ। অভিযোগ রয়েছে, এরপর একাধিকবার টাকা ফেরত দেওয়ার তারিখ পরিবর্তন করেন তিনি। সর্বশেষ গত ২০ জুন টাকা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা দেননি। এছাড়া নাস্তার বিল বাবদ ২৩০ টাকা বকেয়া হলেও সেটাও পরিশোধ করেনি বলে অভিযোগ ভুক্তভোগী দোকানির।

ভিডিওতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী দোকানি অভিযোগ করে বলছেন, ‘বাঁধন আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা হাওলাত নিছে, আমার দোকান খোলার বাবদে। যে কোনো কারণবশত আমার দোকানটা বন্ধ হইছিল, ও খুলে দিয়েছিল। তাই বলে আমার এতো বড় ক্ষতি করবে, বলেন? ও বলেছে, খালা আমি আপনার উপকার করেছি, আমারও একটু উপকার করেন। তাই বলে পাঁচ হাজার টাকা হাওলাত নিছিল। নিয়ে আজ দেয়, কাল দেয়, দেয় না। ২০ তারিখে দেয়ার কথা ছিল, আজ ২৫ তারিখ, একটা টাকাও দেয়নি। তারপরে দোকান বিল ২৩০ টাকা, তাও আমারে দেয় নাই।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কী দিয়ে কী খাওয়াবো? আমি তো গরিব মানুষ। টাকা না দিলে কীভাবে দোকান চালাবো? আজ আমার স্বামী বেঁচে থাকলে আমাকে এই কষ্ট করতে হতো না। কোনো কারণে দোকান বন্ধ হয়ে গিয়েছিল, ও আবার খুলে দিতে সাহায্য করেছিল। কিন্তু পরে এভাবে আমার এত বড় ক্ষতি করবে, সেটা আমি ভাবিনি। আমি আপনাদের কী বলবো, আমার দোকানে তো পাঁচ হাজার টাকার মালই থাকে না। আমি অনেক মামাদের জানাইছি। তারা বলছে, খালা, আমরা তো ওর সঙ্গে পারি না, আপনি প্রক্টর স্যারের সাথে কথা বলেন।’

অভিযোগের ব্যাপারে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা ইতোমধ্যে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। একজনের কাছে অন্যজন ধার নিতেই পারে। তবে আসলে ঘটনা কী ঘটেছে, সেটা লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি ফেসবুক পোস্টে কমেন্টের জেরে এক জুনিয়রকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ওই সময় তিনি জুনিয়র শিক্ষার্থীর হলের সিটের ব্যাপারেও হুমকি দেন। এরও আগে তার বিরুদ্ধে নিজ বিভাগের এক নারী শিক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে আসে। ওই ঘটনার জেরে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তার স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এছাড়া নির্বাচনের আগে ইবিতে আয়োজিত জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ আছে স্পর্শের বিরুদ্ধে। সেসময় অনুষ্ঠানস্থল থেকে অতিথিদের বসার চেয়ার ও বৈদ্যুতিক তার নিয়ে সাদ্দাম হোসেন হলের গেস্টরুমে আটকে রেখেছিলেন তিনি। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে পূজা উদযাপন পরিষদ এবং জেলা সমিতি থেকেও বহিষ্কার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)