আব্দুস সামাদ, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির দাবিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন 'রান ফর ওয়াটার-২.০'। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় এই ম্যারাথন।
স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী অংশ নেন।
উপকূলের মানুষের পানি সংগ্রহের চিরাচরিত সংগ্রামকে ফুটিয়ে তুলতে অংশগ্রহণকারীরা হাতে মাটির কলস নিয়ে এই ম্যারাথনে দৌড়ান। এই আয়োজনে ৩০টিরও বেশি যুব সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা একাত্মতা প্রকাশ করে এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য এডিটরস।
ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন গাবুরার জি কে সাব্বির হোসেন, দ্বিতীয় হন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু। ম্যারাথন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের মুসতাহিদ জামি, আরিফ সিদ্দিকী, সিডোর শ্যামল কুমার বিশ্বাস, বারসিকের শাহিন আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ক্রমবর্ধমান লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই ম্যারাথন মূলত পানির অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে একটি সামাজিক সচেতনতামূলক প্রচেষ্টা।
শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম জানান, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার হলেও উপকূলীয় নারীদের মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এই কষ্টের বাস্তবতা তুলে ধরে জাতীয় পর্যায়ে সুপেয় পানির সমাধানের দাবি জানাতেই তাদের এই অনন্য আয়োজন।