বিশেষ প্রতিনিধি
, যশোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে নির্বাচনে লড়ে পরাজিত হওয়া সাবিরা সুলতানাকে (মুন্নি) সংরক্ষিত নারী আসনের প্রার্থী করেছে বিএনপি। সোমবার বিএনপির প্রেস উইং সূত্রে প্রাপ্ত তালিকায় সাবিরার নাম রয়েছে।
সাবিরা সুলতানা ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তার স্বামী নাজমুল ইসলামকে ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী থেকে অপহরণের পর গুম করে। পরে গাজীপুরে রাস্তার ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গুম ও হত্যার শিকার হওয়া নাজমুল ইসলাম ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক।
স্বামীর নির্মম হত্যাকাণ্ডের পর গৃহবধূ সাবিরা সুলতানা রাজনীতিতে আসেন। পরে তিনি আওয়ামী লীগ আমলে ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ত্রয়োদশ নির্বাচনে তিনি জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর অভিযোগ করেন, দলীয় নেতাদের একাংশের বিরোধিতার কারণে তার এই ফল বিপর্যয় হয়েছে। অবশ্য যাদের দিকে তিনি অভিযোগের তির তোলেন, তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করে প্রার্থীর দুর্বলতার বিষয়টি পরাজয়ের কারণ হিসেবে সামনে আনেন।
মনোনীত প্রার্থীদের তালিকা
তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।
এছাড়া তালিকায় নাম রয়েছে মোছাম্মত ফরিদা ইয়াসমিন, নিলুফার চৌধুরী মনি, জেবা আমিন খান।
সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
১৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।