ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বহিষ্কৃত ৮৩ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কৃষকদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবি করেছেন নেতাকর্মীরা। সোমবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন বহিষ্কৃত নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম। তিনি বলেন, গত ১৭ বছর আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি এবং অগণিত জেল-জুলুম সহ্য করেছি। অথচ দলের তৃণমূলের মতামত উপেক্ষা করে গত নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বাইরের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
নেতাকর্মীরা দাবি করেন, স্থানীয় আবেগ ও অস্তিত্ব রক্ষার তাগিদে তারা স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মূলত এই 'অপরাধেই' ৮৩ জন নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার এবং কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা স্পষ্ট করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও তারা বিএনপির আদর্শচ্যুত হননি। তারা আজও শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল। তাদের মতে, সাংগঠনিক সমন্বয়হীনতার কারণেই বিএনপির এই দুর্ভেদ্য দুর্গটি হাতছাড়া হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা অনতিবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের মূল দলে ফেরার সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।