নড়াইল প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে নড়াইল জেলা হাসপাতাল চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনাসহ আশেপাশে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যাতে পানি জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই প্রধান হাতিয়ার।