কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল থেকে শনিবার (২৯ আগস্ট) বিকেল পর্যন্ত দুইদিনের এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ বিলের পাড়ে ভিড় করে। স্থানীয়দের মতে, প্রায় ৩০ বছর ধরে তারা এই নৌকাবাইচ আয়োজন করে আসছেন।
হারানো ঐতিহ্যকে টিকিয়ে রাখা, মানুষকে বিনোদন দেওয়া এবং তরুণদের মাদকমুক্ত রাখা এ আয়োজনের মূল্য উদ্দেশ্য বলে এর আয়োজকরা জানান।
প্রতিযোগিতা দেখতে শনিবার দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসেন বিলপাড়ে।
নৌকাবাইচ দেখতে আসা কলেজশিক্ষার্থী অন্তর বিশ্বাস বলেন, ‘শহরে এখন আর এসব দেখা যায় না। ছোটবেলায় দাদার কাছে বাইচের গল্প শুনেছি। আজ নিজ চোখে দেখলাম। খুব ভালো লাগছে।’
চড়াইকোল গ্রামের ষাটোর্ধ্ব আজিবর মোল্লা বলেন, ‘আমরা ছোটবেলায় এই বিলেই বাইচ খেলেছি। মাঝখানে কয়েকবছর বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় পুরনো স্মৃতি মনে পড়ে গেল।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া ময়ূর নৌকার ব্যবস্থাপনা পরিচালক আল মামুন বলেন, ‘ঢাকায় চাকরি করি। খেলার জন্য গ্রামে এসেছি। অনেক কষ্ট করে নৌকা সাজিয়েছি। মানুষের এত সাড়া পাব ভাবিনি। চাই প্রতিবছর যেন এমন আয়োজন হয়।’
স্থানীয়রা বলছেন, নদী-বিল ভরাট আর বিনোদনের মাধ্যম বদলে যাওয়ায় একসময় হারিয়ে যেতে বসেছিল নৌকাবাইচ। কিন্তু মানুষের ভালোবাসা আর উদ্যোগ থাকলে ঐতিহ্য কখনো হারায় না।
আয়োজক কমিটির সদস্যসচিব ওয়াসিম আকরাম বলেন, ‘আমাদের ছেলেরা যেন খেলাধুলা আর সংস্কৃতির মধ্যে থাকে। মাদকের দিকে না যায়। সে জন্যই এই বাইচ। অন্তত দশ হাজার মানুষের সমাগম হয়েছে। মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত। সামনে আরও বড় করে করার ইচ্ছা আছে ‘