খুলনা অফিস
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুইজনসহ মোট আটজনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে, নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন। সবমিলে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬-এ। এ অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪৫ জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৪২৮ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি রয়েছে। এই জেলায় এখন পর্যন্ত সাত হাজার ৭০৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৫৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দুই জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় একজন করে রয়েছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।