স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে শিক্ষা, দাতব্য ও মানবিক সহায়তামূলক সংস্থা 'ইসিএইচও'-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে যশোর এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ থেকে ৬০ জন অতিথি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কার্যক্রমের প্রথম দিনে ৩৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে সমাজের সার্বিক উন্নয়নে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।’
মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসিএইচও-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল এবং প্রকল্পের কর্মকর্তা আব্দুল কাদের। এছাড়াও ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
সংস্থার দায়িত্বশীলরা জানান, এলাকার অসহায় ও দুস্থ মানুষের চোখের দৃষ্টি সুরক্ষায় এই মানবিক চিকিৎসা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।