খুলনা অফিস
খুলনার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন চিকিৎসা খাতের অংশীজনেরা।
এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্মারকলিপি দেওয়ার পর পূর্ণ কর্মবিরতিতে (শাটডাউন) যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা এবং চাঁদাবাজির প্রতিবাদে ‘জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো চিকিৎসাসেবা দেওয়া হবে না।
সমাবেশে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, আক্রান্ত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসেছে, যেখানে ১৫ থেকে ২০ মিনিট লাগার কথা। পুলিশের এই বিলম্বের কারণ ও এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং ড্যাব খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ বলেন, নগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চাঁদা দাবি করা হচ্ছে এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অথচ প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। একসময় খুলনা শান্তির শহর থাকলেও বর্তমানে সন্ত্রাস ও চাঁদাবাজিতে সেই পরিবেশ নষ্ট হচ্ছে। গত কয়েক মাসে জেলায় প্রায় অর্ধশত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দাবি করে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, অনেকে ভয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। উদ্ভূত পরিস্থিতিতে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থার উন্নতি না হলে খুলনার সব সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।
সমাবেশে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মানববন্ধন চলাকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের উপস্থিতি কম থাকার অভিযোগ উঠেছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহির্বিভাগে দায়িত্বপ্রাপ্ত প্রায় ৩০ জন চিকিৎসকের মধ্যে ওই সময় পাঁচজনও নিজ নিজ কক্ষে উপস্থিত ছিলেন না। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।