মাগুরা প্রতিনিধি
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মাগুরা বিএমএ'র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল হাই এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ভিটামিন 'এ' ঘাটতিজনিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ডা. দেবপ্রিয়া সরকার।
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় মাগুরা জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট এক লাখ ২৯ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৩৬৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী একলাখ ১৫ হাজার ৩০৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল প্রদান করা হবে।
ক্যাম্পেইন সফল করতে এক হাজার ৯৯৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।