সুবর্ণভূমি ডেস্ক
ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই মুসলিম ভাই। প্রায় পাঁচ দশক ধরে দেখাশোনা করার পর ৮৫ বছর বয়সি হিন্দু নারী কল্যাণী আম্মার শেষকৃত্য সম্পন্ন করেছেন তারা।
ওয়ানাডের চিত্রগিরি এলাকার রাজাক ও সুলাইমান নামের ওই দুই ভাই কল্যাণী আম্মাকে নিজেদের মায়ের মতোই দেখাশোনা করতেন।
অসুস্থতা ও অগ্নিদগ্ধ হওয়ার পরও তার চিকিৎসা ও সেবাযত্নে কোনো কমতি রাখেননি তারা, যদিও তিনি তাদের জন্মদাত্রী মা ছিলেন না।
৮৫ বছর বয়সে কল্যাণী আম্মা মারা গেলে ওই দুই ভাই তার শেষ ইচ্ছা অনুযায়ী সন্তানের ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তাকে বিদায় জানান।
রাজাক জানান, তিনি যখন দুই বছরের শিশু, তখন থেকেই কল্যাণী আম্মা তার জীবনের অংশ হয়ে ওঠেন। তিনি ও তার পরিবার সব সময়ই তাকে নিজেদের মা হিসেবে গণ্য করেছেন।
তিনি বলেন, ‘তিনি কি আমার মা নন? তার শেষকৃত্য করতে দ্বিধা কেন হবে? তিনি আমাদের কাছে পর কেউ নন।’
কল্যাণী আম্মা রাজাকের বাড়িতেই থাকতেন। বার্ধক্যে, এমনকি অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার পরেও এই পরিবার তার পাশে ছিল। অসুস্থতার পুরো সময়জুড়ে পরিবারটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ওষুধ কিনে দেওয়া, সব ধরনের সেবা করেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা তার পাশে ছিলেন।
রাজাকের স্ত্রী জানান, কল্যাণী আম্মা তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে সব উৎসব পালন করতেন।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বলেন, ‘এটাই সেই কেরালা, যাকে আমি চিনি, ভালোবাসি এবং যাতে আমি বিশ্বাস করি। এখানে মায়ের ভালোবাসা কোনো ধর্মের তোয়াক্কা করে না। সন্তানের কর্তব্য কোনো জাতপাতের প্রশ্ন তোলে না।’
সূত্র: মাকতুব মিডিয়া