সুবর্ণভূমি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)। জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাকার্স ডটকম এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজে থাকা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল।
বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ট্র্যাকার্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দেয়, তখন জাহাজটি ইরানের জলসীমায় ছিল।
গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানসংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এই অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরান কোটি কোটি ডলারের রাজস্ব হারাচ্ছে।
যুক্তরাষ্ট্র বলছে, ইরান তেল রপ্তানি করতে পারছে না এবং তাদের ধারণক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত তেল মজুত করতে বাধ্য হবে, যার ফলে একসময় উৎপাদন বন্ধ হয়ে যাবে।
সূত্র: আলজাজিরা।