মেহেরপুর প্রতিনিধি
সংগৃহীত-
ছবি:
মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, গাঁজার বীজ, ভাংয়ের পাতা, পাঁচ রাউন্ড গুলি ও নগদ ৯ লাখ ৫ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে আমানুল্লাহ (২৬)।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, অভিযানে তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাংয়ের পাতা, মদের তিনটি খালি বোতল, দুটি মোবাইল ফোন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া একটি ড্রয়ার থেকে ৯ লাখ ৫ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। একটি ড্রয়ার থেকে উদ্ধার করা নগদ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটক পিতা-পুত্রের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের পর তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।