স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যশোরে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প।
সোমবার দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি-চৌগাছা সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাহেরা বেগম (৫০) চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী।
এসআরবি-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাহেরা বেগমকে আটক করা হয়। পরে নারী সিপাহির মাধ্যমে তার দেহ তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাহেরা বেগম জানিয়েছেন, চৌগাছা পূর্বপাড়া এলাকা থেকে বাসে করে যশোর নিউমার্কেট এলাকায় বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলগুলো নিয়ে যাচ্ছিলেন তিনি।
পরে উদ্ধার করা ফেনসিডিল বিধি অনুযায়ী জব্দ করে গ্রেপ্তার নারীকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত থাকবে।’