সম্পাদকীয়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণটি একদিকে দেশের রাজনৈতিক পরিবর্তনের বয়ান, অন্যদিকে বৈশ্বিক সংকট ও বাংলাদেশের প্রত্যাশার একটি বিস্তৃত চিত্র তুলে ধরেছে। গণতন্ত্র, মানবাধিকার, শান্তি, জলবায়ু ন্যায়বিচার, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তির ন্যায্য প্রবেশাধিকার—বক্তব্যে প্রায় সব গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুই স্থান পেয়েছে। ফলে ভাষণটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিবরণ নয়; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত, তারও একটি রূপরেখা।
ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের ওপর জোর দেওয়া। রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ—এই নীতির পুনরুল্লেখ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন কেবল নির্বাচনের আয়োজন দিয়ে হয় না; নির্বাচন-পরবর্তী প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং জবাবদিহিতার চর্চাও সমান গুরুত্বপূর্ণ। ফলে ভাষণে উচ্চারিত গণতন্ত্রের অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেটিই হবে মূল পরীক্ষা।
আন্তর্জাতিক শান্তি ও সংঘাত নিরসনের প্রশ্নে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট। আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রাসঙ্গিক। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন এবং নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর যে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক চাপ তৈরি হয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। তবে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক চাপ—সবগুলো পথই সমান্তরালে সক্রিয় রাখা জরুরি।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে বাংলাদেশ যে ‘ক্লাইমেট জাস্টিস’ ও জলবায়ু অর্থায়নের কথা বলেছে, সেটিও গুরুত্বপূর্ণ। কিন্তু বৃক্ষরোপণ, খাল খনন কিংবা অবকাঠামো প্রকল্পের ঘোষণা তখনই অর্থবহ হওয়া সম্ভব, যদি এসব উদ্যোগের স্বচ্ছ পরিকল্পনা, পরিবেশগত মূল্যায়ন, অর্থায়ন ও বাস্তবায়নের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
অর্থনীতি, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ ভাষণটিকে ভবিষ্যতমুখী করেছে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিজে থেকে অর্থনৈতিক সমৃদ্ধি আনে না; প্রয়োজন মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান এবং প্রতিষ্ঠানগত স্থিতিশীলতা।
বলতেই হবে, প্রধানমন্ত্রী জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন একটি ভাবমূর্তি তুলে ধরেছেন, যেখানে দেশটি শান্তি, বহুপাক্ষিকতা, মানবিকতা ও উন্নয়নের পক্ষে অবস্থান নিতে চায়। এখন প্রয়োজন ঘোষণাগুলোকে বাস্তব নীতিতে রূপ দেওয়া। আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের বিশ্বাসযোগ্যতা কেবল তার ভাষণের শব্দে নয়, বরং দেশের ভেতরে সেই মূল্যবোধের বাস্তব প্রয়োগে গড়ে ওঠে। তাই এই ভাষণের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে জাতিসংঘের মঞ্চের করতালিতে নয়, বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বাস্তব অগ্রগতিতে। একইসাথে বিশ্বশান্তি, কল্যাণ, অর্থনৈতিক অগ্রগতি ও কার্বন নিঃসরণ হ্রাসের বাস্তবসম্মত পদক্ষেপের জন্য ভূমিকা পালনের মধ্যে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান পাকাপোক্ত হবে বলে আমরা প্রত্যাশা করি।