কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) ভাটিয়াপাড়া ক্যাম্প।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখ (২২)। রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন শেখ একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী এলাকায় এসকেন শেখকে গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হন।
পুলিশের অভিযোগ, এ সময় এসকেন শেখ, তার ভাই নয়ন শেখ ও বাবা বাবলু শেখসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা এসকেন শেখকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, হামলায় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। আহত মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এসকেনসহ তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান বলে পুলিশ জানায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি এসকেন শেখ ও তার ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।