খুলনা অফিস
খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে স্থানীয় একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা এবং লুৎফর শেখের ছেলে। গুলি তার বাম ঊরুতে লাগে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তবে কী কারণে বিশালের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।