স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত নাসিমা খাতুনকে (৪৫) কারাগারে নেওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চেকসংক্রান্ত এক মামলায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় প্রদান করেন।
নাসিমা খাতুন চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের লিটন ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে চেকসংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে নাসিমা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৮ হাজার ১০৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। এ সময় কারাগারের সামনে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধারের ব্যবস্থা করা হয়।
কারাগারের জেলার আবিদ হাসান জানান, জেল সুপারের তত্ত্বাবধানে কারারক্ষী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নাসিমা খাতুনকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পুলিশ ও কারারক্ষীদের পাহারা রয়েছে।