কুষ্টিয়া প্রতিনিধি
শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে এক কিশোর ছুরিকাঘাতে আহত হয় জাকিয়া সুলতানা মমো (১৬) নামে এক স্কুলছাত্রী।
সিসিটিভি ক্যামেরায় সেই ছুরিকাঘাতের দৃশ্য দেখে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে ইমন (১৭) নামে এক কিশোরকে শনাক্ত করে।
ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাইরেও নিরাপত্তা ও অপরাধপ্রবণতা নিয়ে আলোচনা শুরু হয় সবখানে। পরে রাতে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের প্রশ্ন, কী কারণে এ ঘটনা? আর কেন এভাবে ছুরিকাঘাত করলো ওই কিশোর?
পুলিশের কাছে দেওয়া ইমন ও ছুরিকাহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের কথাবার্তায় আরো ধোঁয়াশা সৃষ্টি হয়। এটি উত্ত্যক্তের প্রতিবাদ, প্রেম বিচ্ছেদ বা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান যাই হোক না কেন, প্রকাশ্যে এমন ছুরিকাঘাত করা সামাজিক অবক্ষয় এবং কিশোর অপরাধে চিত্রের ভয়াবহ রূপ বলে মনে করেন স্থানীয়রা।
কী ঘটেছিলো
সোমবার দুপুর ১টা ১০ মিনিটের সময় কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ির নিচে এসে পৌঁছায় স্কুলশিক্ষার্থী জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জাকিয়ার পেছন থেকে কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করে। জাকিয়া মাটিতে লুটিয়ে পড়লে ইমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন আহত জাকিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।
ঘটনার পরে
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ইমনের পরিচয় নিশ্চিত হয়। এ ঘটনায় সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন স্কুলছাত্রীর বাবা।
ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার প্রবাসী আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। রাত একটার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার বিকেলে অভিযুক্ত কিশোরকে আদালতে নেওয়া হয়। শুনানিশেষে বিচারক তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
পুলিশের ভাষ্য
গ্রেপ্তারের পর কিশোর ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীর পরিবারের বাধার কারণে তাদের মধ্যে টানাপড়েন তৈরি হয়। ছয় মাস আগে মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভ থেকেই সে ছুরিকাঘাত করেছে।
স্কুলছাত্রীর ভাষ্য
মেয়েটি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে কুষ্টিয়া শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। একই কোচিং সেন্টারে অভিযুক্ত কিশোরও ভর্তি হয়েছিল। কয়েকদিন যেতেই ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি সে তার মাকে জানায়। একপর্যায়ে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ছেলেটির পরিবারকে বিষয়টি অবগত করেন। কোচিং সেন্টার থেকে ওই ছেলেকে বের করে দেওয়া হয়। এর পর থেকে ছেলেটির সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
ছাত্রীর ভাষ্যমতে, ছেলেটিকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়ায় হয়তো সে খুব ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভ থেকে তার ওপর আক্রমণ চালানো হয়েছে। কোচিং থেকে বের করে দেওয়ার পর থেকে ছুরিকাঘাত করার আগপর্যন্ত ছেলেটিকে কোথাও দেখেনি বা সে আর উত্ত্যক্তও করেনি। সে বাসার সামনে দাঁড়িয়ে ব্যাগের ভেতর থেকে চাবি বের করার সময় ছেলেটি পেছন থেকে চুল ধরে আঘাত করতে থাকে। এরপর তার আর কিছু মনে নেই।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি
এ ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই স্কুলছাত্রী এবং কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে; যা তাদের মধ্যে সম্পর্ক ছিলো বলে ইঙ্গিত দেয়। তবে, সম্পর্কে টানাপড়েন বা কোচিং থেকে বের করে দেওয়ার ক্ষোভ থেকে এমন ছুরিকাঘাত কাম্য নয় বলে জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার নেতা কারশেদ আলম।
তিনি বলেন, এটা মূলত সামাজিক অবক্ষয়ের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটা দৃষ্টান্ত। সেই সাথে ছেলে এবং মেয়ে উভয় পরিবারের অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি সঠিকভাবে খেয়াল না রাখা এবং তাদের অপরাধ চাপা দেওয়ার প্রবণতা রয়েছে। তবে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড সচেতন মানুষ ও অভিভাবকদের ভাবিয়ে তুলেছে।
এদিকে, শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ।
মঙ্গলবার বিকেলে সংগঠনের সদস্যরা কুষ্টিয়া মডেল থানার সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান। একইসঙ্গে তারা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানোর দাবিও তোলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, ভুক্তভোগীর দোষ খোঁজা হচ্ছে, যা খুবই অন্যায়। এখানে যে ছুরিকাঘাত করেছে, তার অপরাধকে স্বাভাবিক করা হচ্ছে; যা মোটেও ঠিক নয়। প্রত্যেক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। তা না হলে এ রকম অপরাধ আরও ঘটতে থাকবে।