যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রণোদনার সার-বীজ এলো মৌসুমের শেষে!

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
প্রণোদনার সার-বীজ এলো মৌসুমের শেষে!

যশোরে চলতি ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শর্ষে ও মসুর চাষ সম্প্রসারণে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। মৌসুমের প্রায় শেষে বিতরণ করা এ বীজ-সার পেয়ে কৃষকরা বলছেন, আরও ১৫-২০ দিন আগে পেলে ভালো হতো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ৩৭ হাজার ৮০০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে শর্ষেচাষি ৩৭ হাজার এবং মসুরচাষি ৮০০ জন। শর্ষেচাষিদের প্রত্যেককে এক কেজি বীজ, দশ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও দশ কেজি মিউরেট অফ পটাশ (এমওপি) সার এবং ৮০০ মসুরচাষির প্রত্যেককে পাঁচ কেজি বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়। গত ১৫ নভেম্বর শুরু হয়ে এই বিতরণ শেষ হয় ১৯ নভেম্বর।

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুয়াযী, শর্ষে ও মসুর বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবরের শেষ সপ্তাহ থেকে মধ্য নভেম্বর (কার্তিকের দ্বিতীয় থেকে শেষ সপ্তাহ) পর্যন্ত। এরপর নাবিতে শর্ষের বীজ বপন করা যায়। তবে, মসুর বপনের সময় প্রতি দশ দিন বাড়ার সাথে সাথে ফলন ২০ ভাগ হারে কমতে থাকে। সেক্ষেত্রে বারি মসুর-৮ নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বোনা যেতে পারে।

চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার কৃষক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫ নভেম্বর এক কেজি শর্ষেবীজ ও দুই প্রকার সার পান। তার অভিমত, এগুলো ১৫-২০ দিন আগে পাওয়া গেলে ভালো হতো। মাঝে দুই দিনের বৃষ্টিতে জমি এখন ভিজে আছে। একটু শুকালে বপন করা যাবে। এখন ধানের সাথে শর্ষেবীজ বপণ করতে হবে। দশ কাঠা জমিতে এই বীজ বুনবেন বলে জানান তিনি।

একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কৃষক আব্দুল গফ্ফার বলেন, ‘এক বিঘা ভুঁই খালি আছে, সেখানে বুনে দেবো। কিন্তু গেল দুই দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে আছে। আশা করছি, সপ্তাহখানেকের মধ্যে পানি শুকিয়ে যাবে। এই বীজ-সার সপ্তা দুই আগে পেলে ভালো হতো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পরিমাণ সার দেওয়া হয়েছে, তাতে কাজ হবে না। এরসাথে আরও এক থেকে দেড় মণ সার দরকার হবে।

তিনি বলেন, আসছে পৌষ-মাঘে যদি শীত ভালোভাবে পড়ে, তাহলে ফলন বেশি হবে। সেক্ষেত্রে মণ চারেক ফলন আশা করা যায়।

এদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রণোদনা প্রদানের জন্য কৃষকের তালিকা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন অন্তত দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তা। গত বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া এবং দোহাকুলা ইউনিয়নে বাধার মুখে পড়েন ওই দুই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবীন অধিকারী, বিএনপি নেতা হামজা, আসাদুজ্জামান ও আমিনুর রহমান এবং নোয়াপাড়া এলাকার তুহিন ও ওলিয়ার রহমান সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মসিউর রহমান ও গোলাম মোস্তফা সিকদার গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাঘারপাড়া থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

জানতে চাইলে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, এবার কৃষি প্রণোদনা দেওয়ার কথা ছিল না। পরে এপি মঞ্জুর করা হয়েছে। সেকারণে একটু বিলম্ব হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঘারপাড়ায় কিছুটা সমস্যা হলেও নীতিমালা অনুযায়ীই প্রণোদনার জন্যে কৃষকের তালিকা প্রণয়ন করে সেই অনুযায়ী বণ্টন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)