নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, "বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
এ সময় অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।"