সুবর্ণভূমি ডেস্ক
যে কোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে গালিবাফ স্পষ্ট করে বলেন, "তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না।" যুদ্ধবিরতি নিয়ে চলমান চরম অনিশ্চয়তার মধ্যেই তার এই সতর্কবার্তা সামনে এলো। তিনি মনে করেন, বিদ্যমান পরিস্থিতিতে যেকোনো সময় সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি রেডিও। সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের এই হুঁশিয়ারির পর সীমান্ত ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, গালিবাফের এই মন্তব্য এবং ইসরায়েলের পাল্টা সতর্ক অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে।