স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বটির কোপে তানভীর আহমেদ (২৩) নামে এক যুবক মারাত্মক জখম হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত তানভীর সুলতানপুর গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। অভিযুক্ত তানজিল আহমেদ (৩২) তার আপন বড় ভাই।
আহত তানভীর জানান, সকালে নিজ বাড়িতে গরুর গোয়াল পরিষ্কার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই তানজিল উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো বটি এনে তানভীরের ঘাড়ের পেছনে কোপ দেন।
রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক রুমানা আফরোজ জানান, আহত যুবকের ঘাড়ে অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছে। ঘাড়ের ক্ষতটি বেশ গভীর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি থানার পুলিশ সদস্য সোহেল রানা জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।