সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনের ভেতরে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা।
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে বনবিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানের উপস্থিতিতে এসব শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে এসব শামুক-ঝিনুক স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জব্দ করে বনবিভাগ ও পুলিশের একটি যৌথ আভিযানিক টিম। জব্দকৃত শামুক-ঝিনুকের ওজন প্রায় আড়াই হাজার কেজি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শামুক ও ঝিনুক পাচারের সাথে জড়িতদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।