নড়াইল প্রতিনিধি
একটি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির নাম এ জে কনজ্যুমার প্রোডাক্টস, এটি নড়াইলের আউড়িয়া এলাকায় অবস্থিত।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সদস্যরা।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটিতে বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত লেবেলে সর্বোচ্চ খুচরা মূল্য হাফ লিটার ৯৮ টাকা, এক লিটারে ১৯৯ ও দুই লিটার ৩৯৮ টাকা থাকার কথা। কিন্তু প্রতিটি ১,২ ও ৫ লিটারের বোতলে পাঁচ থেকে দশ টাকা বেশি দামে তেল বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে ভবিষ্যতে গায়ের রেট অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।