স্টাফ রিপোর্টার
, যশোর
ফেনসিডিলের মামলায় ঝিকরগাছার ছুটিপুরের মাদক ব্যবসায়ী মামুন হোসেনকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মামুন হোসেন ছুটিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২ জুলাই বিকেলে শার্শা্ উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই খাইরুল আলম সংবাদ পান পাকশিয়া আইডিয়াল কলেজের সামনের রাস্তার উপর জনগণ এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করে রেখেছে।
তিনি ঘটনাস্থলে পৌঁছে মামুন হোসেনকে হেফাজতে নেন এবং পকেট থেকে দুই বোতল ও প্রাইভেটকার তল্লাশি করে আরও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে আটক মামুন হোসেনসহ তিনজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।
দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি মামুন হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এ মামলার অপর আসামি গঙ্গানন্দপুরের নিশান ও ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মামুন হোসেন কারাগারে আটক আছে।