মাগুরা প্রতিনিধি
"আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।
সুবাস চন্দ্র বিশ্বাসের পরিচালনায় এই র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানবতার সেবায় নিয়োজিত বর্তমান ও আগামী দিনের নার্সদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা প্রকাশ এবং এই পেশায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। আন্তর্জাতিক নার্স দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মসূচি পেশাগত দায়িত্ব পালনে তাদের আরও অনুপ্রাণিত করবে।