চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর সীমান্তে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের এই চেষ্টা গুটিয়ে নিতে বাধ্য হয়। পরে ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৭ নম্বর মেইন পিলার-সংলগ্ন ভারতীয় অংশে রোববার ভোরের দিকে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মূল উদ্দেশ্য ছিল এই ব্যক্তিদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করানো।
গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় এসে যোগ দেন। বিজিবি ও স্থানীয়দের এমন অনড় ও সতর্ক পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ওই ১১ জনকে সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়।
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের পক্ষ থেকে একটি পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি অত্যন্ত সফলভাবে তা প্রতিহত করেছে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।