নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গত রোববার (২১ জুন) রাতে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুন্নি ওই গ্রামের শাকিল কাজীর স্ত্রী। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দখোল গ্রামের বাসিন্দা শাকিল কাজীর সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যার পর মুন্নি বেগমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে তার শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যার বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।