সুবর্ণভূমি ডেস্ক
আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান অনুযায়ী আগামী ছয় মাস তিনি নিরাপত্তাসহ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের শেষ দিক, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রথম প্রায় ছয় মাসে সাংবিধানিকভাবেই তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। বিদ্যমান বিধি-বিধান মেনেই তিনি কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ওই সময়ে সংবিধান অনুসারে তিনি বিশেষ সুবিধাপ্রাপ্ত (প্রিভিলেজড) ব্যক্তি ছিলেন। ফলে দায়িত্ব পালনকালীন বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ভিত্তিতে আদালতে মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।’
তিনি আরও যুক্ত করেন, ‘এই সময়সীমার বাইরে গিয়ে কেউ যদি কোনো ব্যক্তিগত বক্তব্য দেন, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতা। তবে নীতিগতভাবে বা আইনি দৃষ্টিকোণ থেকে আমলে নেওয়ার মতো কোনো ভিত্তি আমরা দেখছি না।’