অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক ও বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে নওয়াপাড়া পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন, নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম খলিল সরদারের ছেলে।

নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোল্যা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট বলে স্বীকার করেছেন; যা সংবাদ মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে এবং দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজের সঙ্গে জড়িত।
বিএনপির পদে থেকে মাদক ও বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকায় সংগঠনের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা সংগঠনবিরোধী কর্মকাণ্ড। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে মো. রুহুল আমিনকে সাংগঠনিক পদ এবং সমস্ত রাজনৈতিক সম্পর্ক থেকে ছিন্ন করা হলো।