ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
এছাড়াও সভায় ঝিকরগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দুলাল অধিকারীসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তারা আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি এবং বিএনপি নেতারা পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।