ঝিনাইদহ প্রতিনিধি
ভারত সীমান্তে অবৈধ পুশইন প্রচেষ্টা ও সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে থেকে এ মিছিল বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, নায়েবে আমির আব্দুল আলিম, সদস্য মনোয়ার হোসেন, এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফিন কায়সার, লাড্ডু জোয়ার্দার এবং যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, সীমান্তে অবৈধ পুশইনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জাতীয় ঐক্যেরও আহ্বান জানান।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, ভারতের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠছে। তিনি সীমান্ত এলাকায় মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের কাছ থেকে প্রতিবেশীসুলভ আচরণ প্রত্যাশা করি। কোনো দেশের নাগরিকদের সমস্যা সেই দেশকেই সমাধান করতে হবে। সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান।