ঝিনাইদহ প্রতিনিধি
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেট করের চাপ কমানোর বাজেট। গরিবের পক্ষের বাজেট।
প্রতিবছর ঢাকায় বাজেট ঘোষণার পরে ‘গরিব মারার বাজেট’ স্লোগানে মিছিল বের করে শিক্ষার্থীরা। কিন্তু এবছর সেই মিছিল হয়নি। এ বছর মিছিল হয়েছে- মদের দাম বাড়লো কেন? সিগারেটের দাম বাড়লো কেন?
বুধবার সকালে শহরের পবহাটি কলাহাট-সংলগ্ন স্থানে ঝিনাইদহ পৌরসভা কর্তৃক আয়োজিত আধুনিক কসাইখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ শুরু করেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহসহ সারাদেশে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।
আজ (বুধবার) শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন হলো।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, যত্রতত্র গরুছাগল জবাই করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু-ছাগল জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় আধুনিক কসাইখানা স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহেও উদ্বোধন করা হলো। আপনারা বাইরে উন্মুক্ত স্থানে নয়, এই কসাইখানায় গরু-ছাগল জবাই করবেন। তাহলে পরিবেশ ও সুস্বাস্থ্য দুইটাই বজায় থাকবে।
মাদক বিস্তার নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স। আশেপাশে যেখানেই মাদক ব্যবসায়ী দেখবেন, আমাকে জানাবেন। ঝিনাইদহে সর্বোচ্চ একশ’ মাদক ব্যবসায়ী আছে। তাদের জন্য জেলার মানুষের জীবন বিপন্ন হতে পারে না। তাদের আইনে সোপর্দ করতে হবে, কারাগারে রেখে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে ক্রস ফায়ার সমাধান নয়।’
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ প্রমুখ।
দশ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে ঝিনাইদহ পৌরসভা কর্তৃক এলডিডিপির অর্থায়নে ২০২৩ সালে পৌর এলাকার পবহাটী কলাহাট এলাকায় ৪৯ শতক জমির ওপর কসাইখানার নির্মাণ শুরু হয়।
প্রতি ঘণ্টায় এখানে দুটি আলাদা স্লটার মেশিনে ১০টি গরু ও ২০টি ছাগল নিরাপদে জবাই করে প্রক্রিয়া করা সম্ভব হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়। এছাড়া, এখানে নিজস্ব সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে।