বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আয়োজিত বাংলা কিউআর কোড সম্প্রসারণবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার এবং ইউসিবির কেন্দ্রীয় কার্যালয়ের হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন গোলাম ইয়াজদানী।
ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস বা ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত করতে বাংলা কিউআর কোডের ব্যবহার নিয়ে সভায় আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউসিবির যশোর জেলা শাখার ব্যবস্থাপক কেএম আনিসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির যশোর অঞ্চলের প্রধান মনজুর আহমেদ, ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন কর্মকর্তা নেছার উদ্দিন, বাঘারপাড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি মশিউল আজম ও সাংগঠনিক সম্পাদক তারেক হাসানসহ বাজারের ব্যবসায়ীরা।
সভা শেষে বাঘারপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে কিউআর কোড বিতরণ করেন ইউসিবির কর্মকর্তারা।