স্টাফ রিপোর্টার
, যশোর
দেশের খাদ্য ঘাটতি মোকাবিলা এবং কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আমন মৌসুমে হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদ কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
কর্মশালায় আমন মৌসুমে হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ কামরুল হাসান।
ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. এ কে এম খোরশেদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা।
প্রধান অতিথি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও খাদ্য চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান চাষের কোনো বিকল্প নেই। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় জেলার ৫০ জন নির্বাচিত কৃষককে হাইব্রিড ধান উৎপাদন পদ্ধতির ওপর নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।