স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরতলীর ঝুমঝুমপুর মসজিদ বাজার ব্যবসায়ীদের মধ্যে হঠাৎ করেই আতঙ্ক দেখা দিয়েছে। চাকরিচ্যুত নৈশপ্রহরী ও তার ছেলে কর্তৃক বোমা হামলার হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সোমবার কোতোয়ালি থানায় অবস্থান নেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের সাবেক নৈশপ্রহরী মহিউদ্দিন ও তার ছেলে সোহেল দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। নতুন কমিটি গঠনের পর মহিউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ও তার ছেলে বাজারের ব্যবসায়ীদের হুমকি-ধমকি শুরু করেন।
ঝুমঝুমপুর মসজিদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রহমত উল্যাহ বলেন, দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে অব্যাহতি দিই। এরপর থেকেই তিনি ক্ষিপ্ত হন। তার ছেলে সোহেল প্রকাশ্যে ব্যবসায়ীদের গালিগালাজ করছে, এমনকী বোমা হামলার হুমকিও দিয়েছে।
ঘটনার এক পর্যায়ে সোমবার সকালে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ীরা বিষয়টি জানতে মহিউদ্দিনের বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে সোহেল সরাসরি বোমা হামলার হুমকি দেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।
এরপরই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় গিয়ে অবস্থান নেন। তাদের দাবি, দ্রুত আইনগত ব্যবস্থা এবং স্থায়ী নিরাপত্তা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা বাজার এলাকায় পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’