ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেঁয়াজ (কন্দ) বীজ উৎপাদন বৃদ্ধি, রোপা আমন (উফশী জাত) চাষ সম্প্রসারণ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা, লেবুর চারা এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও চারা বিতরণ করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে আরও উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা-চৌগাছা সংরক্ষিত মহিলা আসনের এমপির মনোনীত প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন আর রশীদ এবং পৌর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফিজুর। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুধী ও কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ, বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা এবং আধুনিক কৃষি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। সরকারি এই প্রণোদনা ও সহায়তা পেয়ে কৃষকরা সংশ্লিষ্ট বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।