পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দ্বিতীয় পর্যায়ের আওতায় খুলনার পাইকগাছায় তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিআরডিবি হলরুমে গত ২১ জুন শুরু হওয়া এ নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিটি মঙ্গলবার (২৩ জুন) সফলভাবে সমাপ্ত হয়। প্রশিক্ষণে প্রকল্পভুক্ত ৩০ জন নারী সদস্য অংশ নেন। প্রশিক্ষণ সেশনগুলোতে নারীদের আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, পুকুর প্রস্তুত ও ব্যবস্থাপনা, মাছের সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
উপজেলা বিআরডিবি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী। তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে নারীরা মৎস্য চাষে সফলতা অর্জন করতে পারবেন এবং পারিবারিক আয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।
সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে মৎস্য চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। স্বল্প পুঁজিতে লাভজনক এই খাতে নারীদের অংশগ্রহণ বাড়লে পরিবার, সমাজ তথা দেশ উপকৃত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী উল্লেখ করে ভবিষ্যতেও তাদের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।