স্টাফ রিপোর্টার
, যশোর
কলাকাটা ও আগমনী গানের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রারম্ভে মহালয়া পালিত হয়েছে। শনিবার সকালে চাঁচড়া বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বালন ও উলুধ্বনির মাধ্যমে মহালয়ার সূচনার পর ভক্তরা ধর্মীয় আচার মেনে কলাগাছ থেকে কয়েক কাঁদি কলা সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসা এই উৎসবের কলা দুর্গাপূজার মূল আয়োজনে দেবীর ভোগ হিসেবে নিবেদন করা হয়।

বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ জানান, দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো অমাবস্যার তিথির এই 'কলাকাটা' অনুষ্ঠান। এবার বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১টি প্রতিমার ব্যতিক্রমী আয়োজন থাকায় উৎসব আরও বর্ণিল হয়ে উঠবে।
অনুষ্ঠানে কমিটির সভাপতি তাপস কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক মিলন বর্মন, সাংস্কৃতিক সম্পাদক অভিমন্যু বর্মন, নবদিগন্ত যুব সংঘের সংগীত শিক্ষক মানিক বর্মন ও পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ বর্মণসহ শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন।