যশোর, বাংলাদেশ || বুধবার, ২৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদ জামাতের জন্য প্রস্তুত খুলনা সার্কিট হাউস মাঠ

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : বুধবার, ২৭ মে,২০২৬, ০৭:১৮ পিএম
ঈদ জামাতের জন্য প্রস্তুত খুলনা সার্কিট হাউস মাঠ

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য খুলনা সার্কিট হাউস মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথম নারীরা পর্দাসহ সুব্যবস্থার মাধ্যমে খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সার্কিট হাউস মাঠে ঈদুল আজহার জামাত প্রস্তুতি সফল করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছে। নগরবাসী যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে ও কঠোর নিরাপত্তার মধ্যে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোরবানি উপলক্ষে নগরবাসীর সুবিধার্থে সিটি কর্পোরেশন এলাকার ১৪০টি স্থান পশু কোরবানির জন্য সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই স্থানগুলোতেই নগরবাসীকে কোরবানি করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশ্রিত পানি দিয়ে চারপাশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন।

ড্রেনে কোনো বর্জ্য বা রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য জমিয়ে রাখার আহ্বান জানান তিনি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন বেলা ২টা থেকে রাত ১০টার মধ্যে শহরের সব বর্জ্য দ্রুত অপসারণের চেষ্টা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের নিরাপত্তা জোরদার করেছে এবং নৌপথেও টহল জোরদার করা হয়েছে।

খুলনা সার্কিট হাউস মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। অন্যদিকে, খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সার্কিট হাউসের পরিবর্তে খুলনা টাউন জামে মসজিদেই সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং পরবর্তী জামাতগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদরাসা-সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)