সুবর্ণভূমি ডেস্ক
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় তারা বাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়ির সামনে এসে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে থাকা ব্যক্তিগত কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরে ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগের দিন মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলো।
এদিকে, বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও র্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে ‘এফএনএফ’ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ছাড়া অবরোধকারীরা শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়।