সুবর্ণভূমি ডেস্ক
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনায় ৩২ জনকে হত্যার অকাট্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার (৪ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে এই ঘটনার তদন্ত করছে। বর্তমানে প্রায় ৯০ শতাংশ তদন্ত কাজ শেষ হয়েছে। আশা করছি, এই মাসেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ২০ থেকে ২৫ জন হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সকল আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় প্রাথমিকভাবে শেখ হাসিনাসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্ল্যা নজরুল ইসলাম।
শেখ হাসিনা ছাড়াও মামলায় পলাতক অপর আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।