সুবর্ণভূমি ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার সাত নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী না থাকায় এবার বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে এসবি পরিবহনের বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগেই বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল। ফলে বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর পরই রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সংবাদমাধ্যমকে বলেন, 'বাস পদ্মায় ডুবে যাওয়ার খবর পেয়েছি। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি।'
ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার তিন নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ভয়াবহ স্মৃতির দুই মাসের মাথায় আবারও একই ধরনের দুর্ঘটনা ঘাট এলাকার নিরাপত্তা ও পন্টুনের ফিটনেস নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।