অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে 'অভয়নগর প্রিমিয়ার লিগ' (এপিএল) টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আইকন অ্যাকাডেমি ও অভয়নগর ফুটবল অ্যাকাডেমি।
রোববার (১৮ অক্টোবর) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় এমবিভি স্পোর্টস ও আইকন অ্যাকাডেমি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে আইকন অ্যাকাডেমি। জবাবে ২০ ওভারে ১৩৪ রানে অলআউট হয় এমবিভি স্পোর্টস। ৪৪ রানের বড় ব্যবধানে জয়ী হয় আইকন অ্যাকাডেমি।
একই মাঠে দুপুরে ধোপাদী কিংসকে ১৮ রানে পরাজিত করে অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। জবাবে ধোপাদী কিংস ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।
আয়োজক কমিটি জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এমবিভি স্পোর্টসের মুখোমুখি হবে ধোপাদী কিংস। একই মাঠে দুপুর ২টায় মুখোমুখি হবে মুসলিম জুয়েলার্স বনাম নওয়াপাড়া থ্রি স্টার।