কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল দল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১-০ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দলীয় এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। খেলার শুরুতে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শুরু হয়।
প্রথমার্ধের ১১ মিনিটে জনির করা গোলে এগিয়ে যায় যশোর একাদশ। গোল পরিশোধে কুষ্টিয়া দল একের পর এক আক্রমণ চালালেও সফল হতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যশোর।
ম্যাচে একমাত্র গোলটি করার পাশাপাশি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন যশোরের জনি।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সহকারী রেফারি ছিলেন নায়মুর রহমান রানা, টুটুল হোসেন ও খায়রুল ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম।
খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
এ সময় মাঠে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুলসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।